রাস পূর্ণিমায় যাওয়ার পথে বোটের ইঞ্জিন বিকল কোস্ট গার্ডের অভিযানে ২৯ পুণ্যার্থী নিরাপদে উদ্ধার
রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীবাহী একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকলে কোস্ট গার্ডের তৎপরতায় বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাস পূর্ণিমা উপলক্ষে গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে বোটটি রূপের গাংসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে নদীতে ভাসতে থাকায় বিপাকে পড়েন ২৯ জন পুণ্যার্থী।
এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা।
পরে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া পুণ্যার্থীদের নিরাপদে তাঁদের পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
দুর্গম সুন্দরবন ও নদীপথে রাস পূর্ণিমার মতো বড় ধর্মীয় আয়োজনে যাতায়াতের সময় যেকোনো বিপদে কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।