শ্যামনগর পৌরসভার উন্নয়নে জনবান্ধব কাজ করতে চান মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · রাত ৯:৫১
𝕏
শ্যামনগর পৌরসভার উন্নয়নে জনবান্ধব কাজ করতে চান মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু
শ্যামনগর পৌরসভার উন্নয়নে জনবান্ধব কাজ করতে চান মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু

সাতক্ষীরার শ্যামনগর নবগঠিত পৌরসভাকে একটি উন্নত, আধুনিক, জনবান্ধব ও নাগরিকসেবামুখী মডেল পৌরসভা  হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহবায়ক জহুরুল হক আপ্পু  । আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি পৌরসভার  বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শ্যামনগর পৌরসভার  মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জহুরুল হক আপ্পু । বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, খাল পুনঃখনন এবং জলাবদ্ধতা,ড্রেনেজ ব্যবস্থা,বিদ্যুৎ,ট্যাক্স,জন্ম নিবন্ধন ও সুপিয় পানির সমস্যা  নিরসনে টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন তিনি।

নির্বাচিত হলে পৌরসভার  অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জহুরুল হক আপ্পু । একই সঙ্গে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, শিক্ষা ও যুবসমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন।

শ্যামনগর পৌরসভার  মানুষের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন। এ সমস্যা নিরসনে খাল পুনঃখনন, পানি প্রবাহের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় স্থানে পানি নিষ্কাশন, অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি পৌরসভার  বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন তিনি।

নির্বাচনী গণসংযোগকালে জহুরুল হক আপ্পু   বলেন, “আমি নির্বাচিত হলে শুধু প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব শেষ করতে চাই না। মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাকে সামনে রেখে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করতে চাই। পৌরসভার  প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের নাগরিক অধিকার ও প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, পৌরসভার  উন্নয়ন কোনো একক ব্যক্তি বা এলাকার জন্য নয়; বরং পৌরসভার  প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সমান নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে  মূল লক্ষ্য। জনগণের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শ্যামনগর পৌরসভার  যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, রাস্তাঘাট, খাল সংস্কার, মাদক নিয়ন্ত্রণসহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সক্ষম এমন নেতৃত্বের প্রত্যাশা করছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যে নেতৃত্বই দায়িত্ব গ্রহণ করুক, শ্যামনগর পৌরসভার  দীর্ঘদিনের সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আর সেই লক্ষ্যেই জনগণের পাশে থেকে শ্যামনগর পৌরসভা  একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করছেন জহুরুল হক আপ্পু  ।


আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।