হারাচ্ছে উপকূলের জমি, জীবিকা ও নিরাপত্তা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ১০ স্থানে মানববন্ধন
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বাংলাদেশ, ১৫ নভেম্বর ২০২৬।জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও এর ভয়াবহ অভিঘাত সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ক্রমবর্ধমান আগ্রাসনে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন। এমন বাস্তবতায় উপকূলীয় মানুষের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা ও উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং LEDARS-এর সহযোগিতায় রোববার (১৫ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানগুলো হলো—শ্যামনগর, আশাশুনি, পাইকগাছা, কয়রা, বটিয়াঘাটা, মোংলা, পাথরঘাটা, সাতক্ষীরা সদর, খুলনা সদর ও বাগেরহাট সদর।
মানববন্ধনে উপকূলের মানুষের জীবনসংগ্রাম ও জলবায়ু সংকটের ভয়াবহতা তুলে ধরতে নেওয়া হয় নানা প্রতীকী কর্মসূচি। কোথাও কাফনের কাপড়, কোথাও খালি কলসি, আবার কোথাও নৌকা ও নদীভাঙনকবলিত তীরকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা হয়। এসব প্রতীকের মধ্য দিয়ে ফুটে ওঠে সুপেয় পানির তীব্র সংকট, দীর্ঘদিনের পানিবন্দি জীবন, নদীভাঙনে ঘরবাড়ি হারানোর বেদনা এবং জীবিকা হারিয়ে অসহায় হয়ে পড়া মানুষের বাস্তব চিত্র।
আরও পড়ুন
কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষের দায় অত্যন্ত নগণ্য। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতির সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে তাদেরই। বছরের পর বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষ আজ নিরাপদ পানি, খাদ্য, কৃষি ও বসবাসের নিশ্চয়তা থেকে ক্রমেই বঞ্চিত হচ্ছে। তাই উপকূলের মানুষের প্রতি দয়া নয়, প্রয়োজন ন্যায্য অধিকার ও জলবায়ু ন্যায়বিচার।
মানববন্ধন থেকে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, কার্যকর জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা প্রদান, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন প্রতিরোধ, সুপেয় পানির নিশ্চয়তা, খাদ্যনিরাপত্তা ও কৃষিজমি সুরক্ষা এবং উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় বক্তারা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP31-এ উপকূলীয় জনগোষ্ঠীর সংকট ও দীর্ঘদিনের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচির আয়োজকরা জানান, জলবায়ু ন্যায়বিচারের দাবিতে চলমান এ কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল ১৬ নভেম্বর দাকোপ ও বরগুনা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বক্তারা বলেন, উপকূল রক্ষা মানে শুধু মাটি বা বেড়িবাঁধ রক্ষা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, জীবিকা, অধিকার ও ভবিষ্যৎ। জলবায়ু ন্যায়বিচার কোনো অনুগ্রহ নয়—এটি উপকূলীয় মানুষের ন্যায্য অধিকার।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।