খবরে রয়েছে

শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

এস কে সিরাজ সম্পাদক ও প্রকাশক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · সকাল ৯:০৬
𝕏
শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা
শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

:

সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সুন্দরবনের জলদস্যু ও অপরাধ দমন, মাদক ও অনলাইন জুয়া রোধ এবং কৃষি, মৎস্য, কাঁকড়া ও অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ মাহমুদ।

সভায় বক্তারা ও স্থানীয় প্রতিনিধিরা শ্যামনগর উপকূলের প্রধান সমস্যা ও সম্ভাবনাগুলো জেলা প্রশাসকের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন। বিশেষ করে সুন্দরবন কেন্দ্রিক জলদস্যুদের তৎপরতা, সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ ও টাকা আদায়, খুন এবং জনজীবন দুর্বিষহ করে তোলার বিষয়গুলো জোরালোভাবে উঠে আসে।

এ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, **"জলদস্যুদের দৌরাত্ম্য, সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সুন্দরবন সংলগ্ন এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং উপকূলের মানুষকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।"** তিনি অপরাধীদের দমনে স্থানীয় জনগণের সক্রিয় গোয়েন্দা সহযোগিতা কামনা করেন।

মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগের পাশাপাশি ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার ঐতিহ্য ও সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপকূলের জীবনযাত্রা ও অর্থনীতি নিয়ে আলোচনায় জেলা প্রশাসক জানান, শ্যামনগরের মানুষের জন্য সুপেয় পানির সংকট নিরসনে একটি বড় পুকুর সংরক্ষণের কাজ চলছে। পাশাপাশি সাতক্ষীরার বিখ্যাত **‘সাদা সোনা’ খ্যাত চিংড়ি ও কাঁকড়া চাষ, আধুনিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই বেড়িবাঁধ ও অবকাঠামোগত উন্নয়ন** নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির আহবায়ক জি এম সোলায়মান কবীর,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশিকুর রহমান এবং বন সংরক্ষণ কর্মকর্তা শাহিনুর ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধি ও অসচ্ছল নারীদের হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিহাদ আলী, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত,সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান  এবং রিপোর্টার্স ক্লাবের সদস্য মোহাম্মদ রাকিবুল্যাহ সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

##

আরও পড়ুন

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।