সীমান্তে সতর্কতা জোরদার, শ্যামনগরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরার শ্যামনগর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে প্রবেশের চেষ্টার আশঙ্কায় সতর্কতামূলক অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে পলাতক নেতাকর্মীদের দেশে প্রবেশের পরিকল্পনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন এবং স্থানীয় নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা থেকে সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখা এবং মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন
এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আশেকে এলাহী মুন্না জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হলে তা প্রতিরোধে তারা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছেন। সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে স্থানীয় নেতাকর্মীদের পৃথকভাবে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
অন্যদিকে, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আগের তুলনায় জনবল ও নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি টহলের সময় বৃদ্ধি, অত্যাধুনিক ড্রোন ক্যামেরা, রাতের বেলায় সার্চলাইটসহ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।
সীমান্তবর্তী শ্যামনগর ও কালীগঞ্জ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।