সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে শ্যামনগরে সচেতনতামূলক র্যালি ও পথসভা
উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার, বিষাক্ত মাছের বেচাকেনা এবং বাজারজাতকরণ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‘বিষ দিয়ে মাছ ধরব না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেব না এবং বিষ দেওয়া মাছ কিনব না’—এই তিনটি অঙ্গীকারকে সামনে রেখে সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে এবং কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও বারসিকের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। সকালে সুন্দরবনসংলগ্ন কলবাড়ী মৎস্য আড়ত থেকে র্যালিটি শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ ক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি।
এ সময় বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. ওয়াহিদুল ইসলাম, মো. আফজাল হোসেন, আবু মোছা ময়না, মো. মিজানুর রহমান, মো. রহমত আলী, মো. রফিকুল ইসলাম, বারসিকের মফিজুর রহমান, মারুফ হোসেন, স.ম. ওসমান গনী সোহাগ, জুবায়ের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা আরও বলেন, সুন্দরবন কেবল প্রাকৃতিক বনভূমি নয়, এটি অসংখ্য জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন। কিন্তু নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে মাছের পোনা, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। একই সঙ্গে পানির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং খাদ্যশৃঙ্খলে বিরূপ প্রভাব পড়ছে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।