সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু, উদ্ধার করতে গিয়ে আহত ২
সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করতে গিয়ে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত পাড় (১৬)। আহত গোলাম হোসেন (৩০) একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।
আরও পড়ুন
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে ট্যাংকের ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মাণ করা ওই ট্যাংকের ভেতরে নামার পর বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতার কারণে তিনি অচেতন হয়ে পড়েন।
তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও নবম শ্রেণির ছাত্র আরাফাত পাড়। একপর্যায়ে মহানন্দ ও আরাফাত ঘটনাস্থলেই মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতার কারণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।