সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীতে ডুবে সাগর হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাপিতখালী এলাকায় নদী থেকে স্থানীয় জেলে ও বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন। ঘড়িকিনুন
সাগর গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সাগর তিন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যায় সে। তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, সাগরের আগে থেকেই খিঁচুনিজনিত শারীরিক সমস্যা ছিল। পানির সংস্পর্শে এলে তার এ সমস্যা দেখা দিত বলে পরিবারের দাবি।
ঘটনার সময় সাগরের বাবা-মা তাদের আরেক অসুস্থ সন্তানকে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। এক সন্তানের অসুস্থতার মধ্যে আরেক সন্তানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ খোঁজ নিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সর্বশেষখবর

মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।