বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। এদিকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। এমন পরিস্থিতিতে বৃষ্টি কবে থামবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। তবে শনিবার (২১ নভেম্বর) থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে। কিছু অঞ্চল থেকে বৃষ্টি পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বৃহস্পতিবার সকালে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই। ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে মেঘ বাংলাদেশে প্রবেশ করছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আজ ও আগামীকাল বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। তবে পরশু থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। দেশের কিছু অঞ্চল থেকে বৃষ্টি একেবারেই বিদায় নিতে পারে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হওয়ায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।